বড়লোকদের ফোন হুয়াওয়ে




স্মার্টোফোন এখন আর বিলাসিতা নয়। বর্তমানে সব ধরনের ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে বিভিন্ন স্মার্টফোন। আর এই স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে শীর্ষে যাওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ জন্য তাদের লক্ষ্য বড়লোক ক্রেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইয়ু বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলোর পরিবর্তে হুয়াওয়ে উন্নত দেশগুলোতে বেশি নজর দিচ্ছে। ইতিমধ্যে চীনের বাজারে হুয়াওয়ে অনেক ভালো করেছে। এবারে বৈশ্বিক পর্যায়ে প্রথম হওয়ার লড়াইয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উন্নত দেশগুলোর অর্থনীতি উন্নত। সেখানে ক্রেতাদের ক্রয়ক্ষমতা বেশি। তাই উন্নয়নশীল দেশগুলোর বদলে উন্নত দেশগুলোতে নজর হুয়াওয়ের।’
স্মার্টফোনের বাজার সম্পর্কে ইয়ু বলেন, ‘সবাই জানেন, বেশি দামের ফোনগুলোতে লাভ বেশি। সাশ্রয়ী দামের ফোনগুলোতে কোনো লাভ নেই। মাঝারি দামের ফোনগুলোতে সামান্য কিছু লাভ থাকে। সত্যি বলতে কি, কম দামের ফোনের ক্ষেত্রে হুয়াওয়ের কোনো আগ্রহ নেই। প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকা হুয়াওয়ে বেশি দামের ব্যবহারকারীদের জন্য আরও বেশি ফিচার যুক্ত করতে পারবে। কারণ, এসব ক্রেতা উন্নত নকশা ও উন্নত অভিজ্ঞতাকে গুরুত্ব দেন।’
এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্য অনুযায়ী, স্যামসাং ও অ্যাপলের পর বিশ্বের তৃতীয় শীর্ষ স্মার্টফোন নির্মাতা এখন হুয়াওয়ে। বাজারে এক-দশমাংশ হুয়াওয়ের দখলে। কিন্তু স্মার্টফোন বিক্রি থেকে লাভ করতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। গত বছরে বাজারে স্যামসাংয়ের দখলে ছিল ২২ শতাংশ আর অ্যাপলের ১৫ শতাংশ। সে হিসেবে হুয়াওয়ে এখনো পিছিয়ে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের মূল বাজারগুলোর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে খুব বেশি ভালো করতে পারছে না প্রতিষ্ঠানটি। ক্যানালিসের বিশ্লেষক মো জিয়া বলেন, যুক্তরাষ্ট্রে অবশ্যই ভালো করতে হবে।
সম্প্রতি হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের প্রথমার্ধে স্মার্টফোন বিক্রি অনেকটাই বেড়েছে হুয়াওয়ের। এ সময় ২০ দশমিক ৬ শতাংশের বেশি স্মার্টফোন বাজারে এসেছে। বছরের প্রথমার্ধে ৭ কোটি ৩০ লাখ ফোন বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয়ার্ধেও তারা এ ধারা অব্যাহত রাখতে চায়। গত বছরে মোট ১৩ কোটি ৯০ লাখ ইউনিট ফোন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময়ে অবশ্য ইউরোপের বাজারে কিছুটা ভালো অবস্থানে রয়েছে হুয়াওয়ে। ইউরোপের বাজারে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে প্রতিষ্ঠানটির।
হুয়াওয়ের লক্ষ্য সম্পর্কে ইয়ু বলেন, ‘রোম একদিনে তৈরি হয়নি। সবকিছু ধাপে ধাপে করা হবে। যুক্তরাষ্ট্র হবে পরবর্তী লক্ষ্য। তাদের উন্নত পণ্য দরকার, বিশেষ করে হুয়াওয়ের মতো উন্নত নির্মাতার কাছ থেকে উদ্ভাবনী পণ্য দরকার।’
উন্নত অভিজ্ঞতা দিতে বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য অন্যতম ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লেইকা। বিশ্লেষকেরা একে হুয়াওয়ের সফলতা হিসেবে দেখছেন।