বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে গতকাল। খুব বেশি চমক ছিল না দিলে। তবে দলে সুযোগ হয়নি ইমরুল কায়েসের। চমক বলতে কেবল আবু জায়েদ রাহীর অন্তর্ভুক্তি।
দল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ইমরুল কায়েসকে নিয়ে নানা আলোচনা। অনেকে বলছে, বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার হতাশায় নাকি অবসর নিতে যাচ্ছেন ইমরুল।
তা মোটেই ঠিক নয়। আজ (বুধবার) নিজের ফেসবুক পেজে ইমরুল স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন তার অবস্থান।
পোস্টে তিনি লিখেন, ‘আমি একটা জিনিস কদিন যাবৎ লক্ষ করছি, আমাকে নিয়ে অনেকে পোস্ট করছেন আমি নাকি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি! এটা সত্যি, আমার জন্য অনেক দুঃখজনক এই খবরগুলো। আমার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি সব সময় দেশ ও দেশের মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি! কখনো আল্লাহর রহমতে সফল হইছি, আবার ব্যর্থও হইছি। তবে যদি বাংলাদেশ ক্রিকেটে ১% ও কিছু দিতে পেরে থাকি, তো আমি নিজেকে সার্থক মনে করি। ক্রিকেট আমার ভালোবাসা, আমি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছি তার মানে এই না যে ক্রিকেট ছেড়ে দেবো।’
ভবিষ্যতে সুযোগ পেলে আবারো কিছু করে দেখাতে চান তিনি, ‘আমার সামনে যখনই সুযোগ আসবে বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেওয়ার আমি সর্বাত্মক চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।’
এছাড়া তিনি তার সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। ভুল করেননি নিন্দুকদেরও ধন্যবাদ জানাতে, ‘ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভক্ত ও হেটার্সদের!!’
২৯ মে থেকে শুরু হওয়া বিশ্বকাপে দর্শক হিসেবেই থাকছেন ইমরুল। তামিমের সাথে লিটন কুমার দাস ও সৌম্য সরকারকে নেওয়ার দরুন যে জায়গা মেলেনি তার।

