রাজধানীর ভবন নির্মাণ বিধিমালায় পরিবর্তন আসছে। এখন থেকে নতুন ভবন নির্মান করতে গেলে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ ভবনের নকশায় ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং এ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং’ এর ব্যবস্থা করলে তবেই মিলবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ছাড়পত্র।
পাঁচ বছর ধরে এ নিয়ে উদ্যোগ থাকলেও কয়েক মাসের মধ্যে তা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন ভবনের ক্ষেত্রে বিধানটি বাধ্যতামূলকের পাশাপাশি মহানগরের তিন লক্ষাধিক পুরনো ভবনেও এমন ব্যবস্থা করতে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেবে রাজউক। ঢাকায় পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ায় ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে রাজউক কতৃপক্ষ।
রাজধানীর কোটি জনসংখ্যার চাপে ভূগর্ভস্থ পানি স্তর নেমে যাচ্ছে দ্রুত। এ অবস্থায় ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি ভূগর্ভস্থ পানি স্তরও রিচার্জ করাতে হবে। বৃষ্টির পানি ধরে রাখা ও ভূগর্ভে সরবরাহ বাড়াতে বিদ্যমান ‘ঢাকা মহানগর ইমারত ‘নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ’ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন রাজউকের এক কর্মকর্তা। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে।
সরকারের অনুমোদন পেলে ঢাকা মহানগরে নকশা অনুমোদনে ‘বৃষ্টির পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানি রিচার্জ’ বাধ্যতামূলক করে সংযোজিত নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে। সুতরাং এ বছর থেকেই নতুন ভবনের নকশায় বৃষ্টির পানি সংরক্ষণের সুযোগ রাখতে হবে।
পর্যায়ক্রমে পুরনো ভবনগুলোয় বৃষ্টির পানি ধরে রাখতে ‘স্পেস ও ডিজাইনের’ বিষয়ে অভিজ্ঞদের সহায়তা নিয়ে ব্যবস্থা করা হবে।
এদিকে রাজধানীতে এ বিধান কার্যকর করা গেলে এরপর দেশের সব নগরকেও এমন বাধ্যবাধকতার আওতায় আনার প্রচেষ্টা নেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ঢাকা দুই সিটি করপোরেশনে ৩ লাখ ২০ হাজারের মতো হোল্ডিংয়ের মধ্যে পৌনে তিন লাখই আবাসিক ভবন। এর মধ্যে ৪০ হাজারেরও বেশি বাণিজ্যিক ভবন।
ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও সার্জেন্ট জহুরুল হক হলে চার বছর ধরে ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’ নিয়ে পরীক্ষামূলক প্রকল্প সফলতার সঙ্গে চলছে।
