আজ অনুষ্টিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলাকালীন ‘ডিভাইস’ নিয়ে জালিয়াতি করায় ১২ শিক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আদালত বসিয়ে এই শাস্তি দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
সাজাপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্র থেকে আটক আল ইমরান ও নূরে আলম আরিফ, কাজী মোতাহার হোসেন ভবন থেকে আবু হানিফ নোমান এবং উদয় স্কুল থেকে মো. শাহ পরান, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শৌমিকা প্রতিচি সাত্তার, মতিঝিল আইডিয়াল কলেজ থেকে খন্দকার সিরাজুল ইসলাম ও মো. রাকিবুল ইসলাম, লালমাটিয়া মহিলা কলেজ থেকে মোছা. আরিফা বিল্লাহ তামান্না, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে মো. আবুল বাশার ও নাহিদ হাসান কাউসার এবং আহম্মেদ বাওয়ানি একাডেমি কেন্দ্র থেকে এসএম জাকির হোসাইন ও মো. তানভীর হোসাইন।
সকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময়ে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও বাইরের বিভিন্ন কেন্দ্র থেকে আটক করে নিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী সাংবাদিকদের বলেন, “পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করার ১২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
প্রতিকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকার পরেও ডিভাইস নিয়ে কীভাবে পরীক্ষার্থীরা হলে ঢুকেছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, পরীক্ষার্থীরা একসাথে তাড়াতাড়ি করে কেন্দ্রে প্রবেশ করছে। এতে ভিড়ের ভেতরে অনেক সময় তাদের চিহ্নিত করা যাচ্ছে না। তাই প্রবেশ পথে দায়িত্বরতদের সামনের পরীক্ষায় মেটাল ডিটেক্টর ব্যবহারে আরো সচেতন করতে হবে। বিশ্ববিদ্যালয় জালিয়াতি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে। এবার এক হাজার ৭৬৫ আসনের বিপরীতে অংশ নেয় ৮৯ হাজার ৫০৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী।
