ভারতীয় ১০ সেনাকে মুক্তি দিয়েছে চীন



ভারতীয় ১০ সেনাকে মুক্তি দিয়েছে চীন

একে অপরের সাথে কয়েকদফা বৈঠকের পর এবার ভারতের ১০ সেনাকে মুক্তি দিয়েছে চীন। বৃহস্পতিবার সন্ধারদিকে এই ১০ জনকে মুক্তি দেয় চীনা সেনাবাহিনী। শুক্রবার ফের আর এক দফা বৈঠকে বসবে দুই দেশ।

লাদাখের গলওয়ান উপত্যকায় সোমবার প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনা সেনাবাহিনী। দুই বাহিনীর মধ্যে কোনও গোলাগুলি না চললেও পাথর, রড,লাঠি দিয়ে প্রচণ্ড লড়াই হয়।

এই সংঘর্ষে ভারতের একজন কর্নেল-সহ দুই জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রবল ঠাণ্ডায় গুরুতর আহত অবস্থায় পড়ে থেকে শহীদ হন আরও ১৭ জন। চীনের তরফে স্পষ্ট করে হতাহতের সংখ্যা না জানানো হলেও অন্তত মৃত ও গুরুতর আহত মিলিয়ে চীনা বাহিনীতে সংখ্যাটা ৪৩ বলে সূত্রের খবর।

এই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কোনও জওয়ান বা অফিসার নিখোঁজ নন বলে আগেই ভারতীয় সেনার তরফে দাবি করা হয়। তবে সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ জন ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন। এদের মধ্যে দু-জন মেজর রয়েছেন বলেও জানা গিয়েছে। তবে সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এই সেনাদের শারীরিক পরীক্ষা করা হয়েছে।

সূত্র: এই সময়।