ভারতের ইস্পাত খাতে প্রবৃদ্ধি




চলতি বছর ভারতের ইস্পাত উৎপাদন খাতে প্রবৃদ্ধি বজায় রয়েছে। শুধু উৎপাদনই নয় বরং ভারতে ইস্পাতের ব্যবহার, আমদানি ও দেশটি থেকে পণ্যটির রফতানিতেও সুবাতাস বইছে। ভারতের অভ্যন্তরে বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প চলমান থাকায় ইস্পাতের ব্যবহার বেড়েছে। এর জের ধরে দেশটিতে পণ্যটির উৎপাদন ও আমদানি বেড়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির জেরে ভারত থেকে ইস্পাত রফতানিও উত্তরোত্তর বাড়ছে। সবমিলে প্রবৃদ্ধির ধারা বজায় রেখে ভারতের ইস্পাত খাত ভালো সময় পার করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এপ্রিল থেকে ভারতে অর্থবছর শুরু হয়। দেশটির জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (জেপিসি) সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাসে (এপ্রিল-নভেম্বর) ভারতে সবমিলে ৬ কোটি ৯৬ লাখ ৪ হাজার টন পরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি।
একই সময় ভারতে মোট ৫ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টন ইস্পাত ব্যবহার হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি। এ সময় ভারতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন খাতেও প্রবৃদ্ধি বজায় ছিল। অর্থবছরের এপ্রিল-নভেম্বর সময়কালে দেশটিতে সবমিলে ৬ কোটি ৬৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি।
ভারতে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, সেইল, টিএসএল, এসার, জেএসডব্লিউ স্টিল লিমিটেড ও জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড সবচেয়ে বেশি পরিশোধিত ইস্পাত উৎপাদন করে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাসে এ ছয়টি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ৪ কোটি ২ লাখ ২৪ হাজার টন পরিশোধিত ইস্পাত বিক্রি করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।
এদিকে মাসভিত্তিক হিসাবে, গত নভেম্বরে দেশটিতে সবমিলে ৮৩ লাখ ৪২ হাজার টন ইস্পাত বিক্রি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ কম। আগের মাসের তুলনায় কমলেও এ সময় ভারতে ইস্পাত বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে বলেও জেপিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ২০১৭-১৮ অর্থবছরের নভেম্বরে ভারতে ইস্পাতের অভ্যন্তরীণ ব্যবহারের পরিমাণ ছিল ৬৪ লাখ ১২ হাজার টন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি। অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য ভারত প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে বিপুল পরিমাণ ইস্পাত আমদানি করে থাকে। পণ্যটির আমদানিকারক দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান বিশ্বে ১৪তম।
চলতি অর্থবছরের এপ্রিল-নভেম্বর সময়কালে দেশটিতে সবমিলে ৫৫ লাখ ৩৪ হাজার টন পরিশোধিত ইস্পাত আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ বেশি। এর মধ্যে নভেম্বরে পণ্যটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময় দেশটিতে মোট ৬ লাখ ১৪ হাজার টন পরিশোধিত ইস্পাত আমদানি হয়েছে।
ইস্পাত রফতানিকারক দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান বিশ্বে ১২তম। উৎপাদন, আমদানি ও ব্যবহারে প্রবৃদ্ধি বজায় থাকার পাশাপাশি ২০১৭-১৮ অর্থবছরে ভারত থেকে ইস্পাত রফতানিতেও তেজিভাব বজায় রয়েছে বলে জেপিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশটি থেকে পরিশোধিত ইস্পাত রফতানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময় ভারত থেকে মোট ৬৬ লাখ ৩৯ হাজার টন পরিশোধিত ইস্পাত রফতানি হয়েছে।