ভারতের হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ২৯




ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের কাংড়ায় সোমবার বিকেলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ২৬ জনই স্কুলছাত্র। গুরুতর আহত হয়েছে ১৫ জন। এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিমাচল-পাঞ্জাব রাজ্যের সীমান্তের কাংড়া জেলার নুরপুরের মালকাওয়ালে এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে যায়। বিকেলে স্থানীয় ওয়াজির রাম সিং স্কুল ছুটি হলে স্কুল বাস ৪২ জন ছাত্রকে তাদের নিজনিজ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। পথে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় মানুষজন উদ্ধার কাজে অংশ নেন। পুলিশ সুপার সন্তোষ পাটিয়াল এবং মহকুমা ম্যাজিস্ট্রেট আবিদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন। আবিদ হোসেন বলেছেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। পুলিশ সুপার বলেছেন, উদ্ধার কাজ চলছে। কেন বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।