ভারতে গত এক দিনেই রেকর্ড ২২ হাজার ৭৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪৮ হাজার ৩১৫ জনে পৌঁছেছে।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
লকডাউন শিথিলের পর থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শনিবার টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
১ লাখ ৯২ হাজার ৯৯০ জনের করোনা সংক্রমণ নিয়ে ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে, শুক্রবার রাজ্যটিতে ১৯৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে এই মহামারীতে সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬ জনে।

