ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১০০ স্পর্শ করেছে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া সরকারি পরিসংখ্যানে এখনও পর্যন্ত ৮৪ জন আক্রান্ত বলে জানানো হয়েছে।
মহারাষ্ট্র থেকে সর্বাধিক করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১৯ জনের শরীরে COVID-19 পাওয়া গিয়েছিল। এর চব্বিশ ঘণ্টা যেতে না যেতে শনিবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা এক লাফে বেড়ে হয়েছে ৩১। এ ছাড়া কেরালা থেকে মোট ২২জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
ভারতের মহারাষ্ট্র ছাড়াও রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরালা থেকে একজন করে নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, ভারতে মোট করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১০ জন সম্পূর্ণ সুস্থ এবং দুই জনের মৃত্যু হয়েছে। কর্নাটক এবং দিল্লিতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতিতে শনিবার করোনাকে ‘অবহিত বিপর্যয়’ (Notified Disaster) হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আরও পাঁচটি রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলকাতায় এমনিতেই করোনার আতঙ্কে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন অনুষ্ঠান, স্কুল-কলেজ, জাদুঘর, সায়েন্স সিটি। এছাড়া সিনেমা হল বন্ধ রাখার বিষয়টিও প্রশাসনের বিবেচনাধীন।

