করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে ভারত। দেশটিতে চতুর্থ দফায় বাড়ানো লকডাউনের মেয়াদ শনিবার (৩০ মে) থেকে শেষ হওয়ার কথা ছিল। সেদিনই দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার পঞ্চম দফায় আরও এক মাস লকডাউন বৃদ্ধির ঘোষণা দিলো।
তবে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়া অন্যান্য স্থানে শপিংমল, রেস্টুরেন্ট এবং উপাসনালয় আগামী ৮ জুন থেকে খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে সিনেমা হল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিমান চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে বিভিন্ন এলাকাকে কয়েক ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে রেড জোন এলাকাগুলোতে বিধি-নিষেধে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া কমঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক করার কথা জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে তৈরিকৃত নতুন করোনা গাইডলাইনে বলা হয়েছে, সংক্রমিত এলাকাগুলোর বাইরে আগে থেকে বন্ধ থাকা সব ধরনের কার্যক্রম এবার চালু করা যাবে। শিক্ষা-প্রতিষ্ঠান পুনরায় চালুর ব্যাপারে সব রাজ্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে আগামী জুলাইয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ কঠোর লকডাউনে যায় ভারত। প্রথম লকডাউন আরোপের পর এ নিয়ে চারবারের মতো মেয়াদ বৃদ্ধি করা হলো।
প্রতিবেশি চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৭০ হাজার। মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ। মৃত্যুতে এশিয়ায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।
সূত্র: এনডিটিভি।

