ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া সরকারই সূত্র মতে, চলতি মৌসুমে বন্যায় এ পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যের ৫৮টি জেলার ১ লাখ ৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আসাম, মণিপুর ও অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো প্রধান প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। আজ শুক্রবার আসামের বন্যা পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখেন রাজ্যপাল বনোয়ারি লাল পুরোহিত।
ভারত সরকার এরই মধ্যে ত্রাণ ও উদ্ধারকাজের তদারকির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কিরণ রিজেজুর নেতৃত্বে একটি দল গঠন করে দিয়েছে। সেই দল রাজ্য সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে এদিন দাবি করেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জিতেন্দ্র সিং।
দিল্লি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।
এদিকে বন্যার ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানতে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) সাহায্য নেওয়া হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, নদীর ভাঙনের পাশাপাশি ক্ষয়ক্ষতির খবর নিতেই এ উদ্যোগ।
আজ কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে আসামের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কিরণ রিজেজু। পরে গুয়াহাটিতে সাংবাদিকদের তিনি জানান, পরিস্থিতি এখনো ভয়াবহ। তবে ত্রাণ বা উদ্ধারকাজে অর্থের অভাব নেই। দুর্যোগ মোকাবিলার জন্য ৫০০ কোটি রুপির তহবিল অনুমোদন করা হয়েছে।
