ভারতে মাত্র ২৯% নারী ইন্টারনেট ব্যবহারকারী




ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও ‘ডিজিটাল জেন্ডার বা লিঙ্গবৈষম্য’ এখনো দূর হয়নি। দেশটিতে ইন্টারনেট ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা এখনো অনেক পিছিয়ে। দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র ২৯ শতাংশ নারী।
গত সোমবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর পিটিআই।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা পিছিয়ে রয়েছে। চলতি বছর বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারে পুরুষ অপেক্ষা নারী ১২ শতাংশ পিছিয়ে রয়েছে। ভারতের মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে এক-তৃতীয়াংশেরও কম নারী। নারীরা ডিজিটাল কার্যক্রম থেকে বাদ পড়ার কারণে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে। ভারতের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা এখনো পরিবারের বিধিনিষেধের কারণে তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারছে না। এর প্রধান কারণ লিঙ্গবৈষম্য। ডিজিটাল লিঙ্গবৈষম্যের কারণে নারীরা অনলাইন সেবা থেকে বঞ্চিত হয়। তারা স্বাস্থ্য, শিক্ষা কিংবা প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারছে না। ফলে একবিংশ শতাব্দীতে এসেও ডিজিটাল লিঙ্গবৈষম্যের কারণে মেয়েরা পিছিয়ে পড়ছে।
জানা গেছে, ইউনিসেফ শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক পরিকল্পনা নিয়েছে এবং সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। ইন্টারনেট ও সোস্যাল মিডিয়া শিশুদের শিক্ষণ, অংশগ্রহণ ও সামাজিক হওয়ার ক্ষেত্রে অবিশ্বাস্য সুযোগ তৈরি করে দেয়। তবে এর অপব্যবহার কিংবা সহিংসতা সৃষ্টির ঝুঁকি রয়েছে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, অনলাইন প্লাটফর্মে শিশুদের অংশগ্রহণ বেড়েছে। এর পরও বিশ্বের প্রতি তিনজন শিশুর একজন এখনো অনলাইন সুবিধা থেকে বঞ্চিত। এমনকি যেসব শিশু ইন্টারনেট ব্যবহার করছে, তাদেরও যথাযথ সুরক্ষা দেয়া সম্ভব হয়নি।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেইক বলেন, ভালো কিংবা মন্দ যেকোনো ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনে এখন অপরিবর্তনীয় সত্য হিসেবে দাঁড়িয়েছে। ডিজিটাল বিশ্বে আমাদের দ্বৈত চ্যালেঞ্জ হলো, প্রতিটি শিশুকে ইন্টারনেটের সর্বোচ্চ সুবিধা দিতে গিয়ে কীভাবে ক্ষতি কমিয়ে ফেলা যায়।