ভারতে ‘লকডাউন’ বাড়ল ৩ মে পর্যন্ত



ভারতে ‘লকডাউন’ বাড়ল ৩ মে পর্যন্ত

এবার ভারতে ‘লকডাউন’ মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩ মে পর্যন্ত ভারত লকডাউন ঘোষণা করলেন তিনি।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, সামাজিক দূরত্ব ও লকডাউনের কারণে দেশের উপর প্রভাব পড়েছে। আর্থিক ক্ষেত্রে প্রভাব পড়েছে। কিন্তু দেশবাসীর জীবনের কাছে তা কিছু নয়।

মোদি জানান, আগামী সপ্তাহ পর্যন্ত ভারতে কঠোরভাবে লকডাউন মানতে হবে। তা ঠিকভাবে করলে ২০ এপ্রিলের পর লকডাউন কিছুটা শিথিল করা হবে। তিনি বলেন, ‘২০ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা, এলাকা, রাজ্যে কঠোর নজরদারি চালানো হবে।

দেখা হবে, কতটা লকডাউনের নিয়মের পালন করা হচ্ছে। যে রাজ্যগুলি হটস্পট বাড়তে দেবে না, তাদের কিছু জরুরি কাজ করতে দেওয়া হবে। তবে সেজন্য নির্দিষ্ট কিছু শর্ত থাকবে।’