ভারতে গুজরাটের পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি জাহাজ থেকে দেড় হাজার কেজি হেরোইনের একটি বিশাল চালান আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। যার বাজার মূল্য ৫৫ কোটি ডলার (প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা)।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ডি কে শর্মা বলেন, ‘এ পর্যন্ত এককভাবে উদ্ধার করা মাদকদ্রব্যের বৃহত্তম চালান এটি।’
উল্লেখ্য, ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে হেরোইন একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এক গবেষণায় দেখা যায়, ওই রাজ্যে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৮ লাখ ৬০ হাজারেরও বেশি পুরুষ মাদক গ্রহণ করে, যার মধ্যে ৫৩ শতাংশই হেরোইনে আসক্ত।
হেরোইনের প্রধান উপাদান আফিমের সর্ববৃহৎ উৎপাদক দেশ আফগানিস্তান। প্রতিবেশী হওয়ায় ভারত মাদক চোরাচালানের আকর্ষণীয় একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় জানিয়েছে, আফগানিস্তান থেকে হেরোইন ভারত মহাসাগর হয়ে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
