ভারত যাচ্ছেন মাশরাফি




কলকাতার আনন্দবাজার পত্রিকা আয়োজিত সেরা বাঙালি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পুরষ্কার গ্রহণের জন্য ভারত যাচ্ছেন তিনি।
২৯ তারিখ, শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজ (শুক্রবার) ঢাকা ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক।
প্রতি বছর ‘সেরা বাঙালী’ পুরস্কার প্রদানের আয়োজন করে থাকে কলকাতার শীর্ষ ও জনপ্রিয় এই পত্রিকা। এবারও তার ব্যতিক্রম নয়। আর এবারের আয়োজনে ‘সেরা বাঙালী ২০১৭’ এর জন্য প্রথমবারের মত মনোনয়ন পেয়েছেন মাশরাফি। মূলত অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া, দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া – এসবের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারে ভূষিত করা হয়। শনিবার পুরস্কার গ্রহণের পর দিন কয়েক ভারতে কাটিয়ে আগামী সপ্তাহের মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে তার।
বাংলাদেশ থেকে তৃতীয় ক্রিকেটার ও চতুর্থ বাংলাদেশী হিসেবে পুরস্কার গ্রহণ করবেন তিনি। এর আগে ক্রিকেটার হিসেবে ২০০৭ সালে হাবিবুল বাসার ও ২০১২ সালে সাকিব আল হাসান সেরা বাঙালী পুরস্কার পেয়েছিলেন। সাকিবের সাথে একই বছর ডক্টর মুহাম্মদ ইউনুসও একই খেতাব পান। ক্রিকেটার হিসেবে আরো সেরা বাঙালী হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী, মনোজ তিওয়ারি এবং ভারতের মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার ঝুলন গোস্বামী।