ভিনগ্রহী বা এলিয়েনদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ খুঁজছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই প্ল্যানেটরি প্রটেকশন অফিসারের কাজ হবে পৃথিবী থেকে যেসব মানুষ এবং মহাকাশযান মহাকাশে যাচ্ছে, সেগুলো যেন কোন জীবদূষণের শিকার না হয়, সেটা দেখা।
তবে শুধু পৃথিবীকে রক্ষা করাই তার কাজ হবে না। পৃথিবীর জীব-জীবানু যেন আবার অন্য গ্রহে গিয়ে সেখানে দূষণ না ঘটায়, সেটাও তাকে দেখতে হবে। বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলোতে ভিন গ্রহের জীবন এসে পৃথিবীর প্রাণীজগৎ বিপন্ন হওয়ার এরকম অনেক কাহিনী রয়েছে। এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন ধরা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪০৬ ডলার থেকে ১ লাখ ৮৭ হাজারের মধ্যে। কেবলমাত্র মার্কিন নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
তবে গ্রহগুলোকে দূষণ থেকে রক্ষার এই আইডিয়া একেবারে নতুন নয়। এর আগে জাতিসংঘ ১৯৬৭ সালেই এরকম একটি উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছিল।
অবশ্য নাসার একজন উর্ধ্বতন বিজ্ঞানী ড: ক্যাথারিন কোনলি জানিয়েছেন, তিনি মনে করেন পৃথিবীর প্রাণীজগতের জন্য বাইরের দূষণ যতটা না হুমকি, তার চাইতে মানুষই বরং অন্য গ্রহের জন্য বেশি হুমকি তৈরি করছে।
