আজ মঙ্গলবার হজ্জ নিয়ে জটিলতা এবং এ নিয়ে হাইকোর্টের ১৩ আগস্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি দূতাবাস ১৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজ্জযাত্রীকে ভিসা দিয়েছে। এখন আর কারও ভিসার আবেদন দূতাবাসের কাছে নেই।
ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জযাত্রী ভিসার জন্য আবেদন করেছেন। সেই হিসেবে এখনো প্রায় আট হাজার হজ্জযাত্রীর ভিসা বাকি আছে।
অবশিষ্ট হজযাত্রীর ভিসা নিয়ে জানতে চাইলে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন, ‘১৪ আগস্ট পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯১৩ জনের ভিসার আবেদন নিবন্ধিত হয়েছে। আশা করছি, বাকি ১ হাজার ২৮৫ জনের আবেদন বুধবারের মধ্যে নিবন্ধিত হয়ে যাবে। চূড়ান্ত সময়সীমার মধ্যে বাংলাদেশের সব হজযাত্রী ভিসা পেয়ে যাবেন বলে আমাদের ধারণা।’
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৩০ আগস্ট পবিত্র হজ্জ হতে পারে। সে হিসেবে ১৭ আগস্ট পর্যন্ত হজ্জযাত্রীদের ভিসা দেওয়ার কথা সৌদি সরকারের; বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট সৌদি আরব যাবে ২৬ আগস্ট।
এবার ভিসা জটিলতা, টানা দ্বিতীয়বারের হজ্জযাত্রীদের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধি এবং বাসা ভাড়ায় বিলম্বসহ নানা কারণে হজ্জযাত্রায় জটিলতা দেখা দেয়। বাতিল করতে হয় অনেকগুলো হজ ফ্লাইট।
