ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা আর ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ বিষয়ক কর্মকর্তারা। নিখোঁজ রয়েছে আরও অনেকে।
গত সোমবার থেকে শুরু হওয়া এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান এরই মধ্যে গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।
উত্তরাঞ্চলের প্রদেশ হোয়া বিনে বৃহস্পতিবার প্রথম প্রহরের দিকে ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত মাত্র নয়টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্যা ও ভূমিধসে প্রায় ৩১৭টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৩৪ হাজার বাড়িঘর। প্রায় ২২ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। দেড় লাখের বেশি গবাদিপশু মারা গেছে বা ভেসে গেছে।
এই সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির কারণে কয়েক হাজার মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্যোগের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নামপ্রকাশে অনিচ্ছুক দুর্যোগবিষয়ক কর্মকর্তা এএফপিকে জানান, নিখোঁজদের উদ্ধারে তাঁরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ত্রিন ডিন ডাং দেশটির সরকারি গণমাধ্যমকে বলেন, বিপজ্জনক এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া উচিত। তাদের নিরাপত্তা সরকারকেই নিশ্চিত করতে হবে।
