কোথাও বড় বড় গর্ত, অধিকাংশ স্থানেই ক্ষতিগ্রস্ত। গত কয়েক দিনের বন্যায় সিলেটের আন্তঃজেলা যোগাযোগের প্রধান চারটি সড়কের এমনই বেহাল দশা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রমতে, সিলেটে এবারের বন্যায় সওজের আওতাধীন সড়কের শতাধিক কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট-জকিগঞ্জ, চারখাই-বিয়ানীবাজার, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ ও সারি-গোয়াইনঘাট সড়ক। এর মধ্যে খুবই বেহাল দশা সিলেট-জকিগঞ্জ সড়কের।
তবে, সওজ ছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলা শহরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বেশকিছু সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এলজিইডির আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ প্রায় ৩০০ কিলোমিটার। এলজিইডি কর্মকর্তারা বলছেন, এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ১২০ কিলোমিটারের মতো ক্ষতি হতে পারে।
এ বিষয়ে সিলেট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রঞ্জন সামন্ত বলেন, বন্যায় সিলেট-জকিগঞ্জ, চারখাই-বিয়ানীবাজার, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ ও সারি-গোয়াইনঘাট সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের কিছু অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ সড়কটিতে যান চলাচল চালু রাখতে আমরা প্রাথমিক সংস্কার কাজ শুরু করেছি। আর জুলাইয়ে ক্ষতিগ্রস্ত সবগুলো সড়ক পূর্ণ সংস্কার হবে।
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জকিগঞ্জ উপজেলা। এ উপজেলার সড়কও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট-জকিগঞ্জ সড়ক ছাড়াও উপজেলার বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বন্যার পানিতে। ঢল ও বৃষ্টি থামায় গত সোমবার থেকে বন্যার পানি কমতে শুরু করে। এরই মধ্যে বাড়িঘর ও প্রধান সড়কগুলো থেকে নেমে গেছে পানি। পানি নামার সঙ্গে সঙ্গে দশ্যমান হয়েছে ক্ষয়ক্ষতির চিত্র।
