প্রায় তিন মাস বন্ধ থাকার পর সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ১৫৬০টি মসজিদ খুলে দেওয়া হচ্ছে। ফজরের নামাজের সময় থেকে মসজিদগুলো খুলে দেয়া হবে।
সৌদি সরকারের ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদগুলো খুলে দেয়া হলেও মুসল্লিদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে।
নামাজ আদায়ের ক্ষেত্রেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মুসল্লিরা কতটুকু দূরত্বে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন তা নির্ধারণে মসজিদগুলোর কার্পেটে চিহ্ন দিয়ে দেয়া হয়েছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় সৌদি সরকার দেশজুড়ে যে কারফিউ জারি করেছিল আজ থেকে সেটি তুলে নেয়া হচ্ছে। তবে মক্কা ও জেদ্দায় কারফিউ বহাল থাকবে। মে মাসে অন্যান্য শহরের মসজিদগুলো খুলে দেয়া হলেও মক্কার ক্ষেত্রে সেটি হয়নি।
৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেয়া হলেও বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ। তবে মসজিদে হারামের বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি।
ধারণা করা হচ্ছে, মসজিদে হারামের সাধারণ মানুষ নামাজের অনুমতি পেতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।
