‘মনে মনে ওরা মেয়েটাকে রেপ করল’




কলকাতার মেট্রো রেলে এক তরুণ প্রেমিক-যুগলকে আলিঙ্গন করার জন্য বেধড়ক পিটিয়েছেন তাদেরই কজন সহযাত্রী যাদের অধিকাংশই মাঝবয়সী অথবা প্রৌঢ়। গত মঙ্গলবার সংবাদপত্রে এ ঘটনা প্রকাশিত হওয়ার পরে সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলছেন, কলকাতার মত কসমোপলিটান একটি শহরে আলিঙ্গনের জন্য প্রেমিক প্রেমিকাকে গণধোলাই দেওয়া হতে পারে -এ দৃশ্য তিনি বিশ্বাস করতে পারছিলেন না। টুইট করেছেন তসলিমা নাসরিন থেকে শুরু করে অনেক সাধারণ নারী পুরুষ।
ফেসবুক লাইভে এসে সে ঘটনার প্রসঙ্গে মন খুলে নিজের মতামত দিলেন নচিকেতা।
ক্ষুব্ধ নচিকেতা কখনও বলেন, “আসলে এটা যৌন ঈর্ষার বহিঃপ্রকাশ। এই মানুষদের বয়কট করুন প্রতিবেশীরা। তাঁদের জানানো হোক, আপনি একটি পবিত্র অনুভূতিকে নষ্ট করেছেন।”
ভবিষ্যৎ সময়ের দিকে তাকিয়ে ওই মানুষদের প্রতি তাঁর পরামর্শ, “নিজেদের সংশোধন করুন। কারণ, যে তালিবানেরা বুদ্ধ মূর্তি ভেঙেছিল, তাঁদের থেকে খুব কম অপরাধ নয় এটা।”
কিন্তু, কেন এ রকম ঘটনা ঘটল? নচিকেতার মতে, “আসলে ওঁরা (ওই যুগল) দুর্বল ছিল। ওই ছেলেটার কোমরেই যদি পিস্তল গোঁজা থাকত… তা হলে…।” না! তা হলে বোধহয় এ রকম ঘটনা ঘটত না। “উল্টে ওই মানুষেরাই দৌড়ে পালাত।”
নচিকেতার মতে, এটা আসলে ক্ষমতার জোর দেখানোর ফল। “…এটাই আসলে এক ধরনের মৌলবাদ। এর একটা যোগ্য জবাব দেওয়া উচিত।”
কারণ, তাঁর কথায়, “যে মানুষেরা ওই মেয়েটির গায়ে হাত দিল, তারা আসলে মারল না। আসলে ওই মেয়েটিকে ওরা মনে মনে রেপ করল। সেটা মার হয়ে বেরোল। এই প্রত্যেকটা লোক আসলে রেপিস্ট। ওদের খুঁজে বার করে থানায় নিয়ে আসা উচিত।”
যদিও বিষয়টি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী এবং সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া শুরু হয়েছে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে দমদম স্টেশনে লাগানো প্রতিটা সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা হয়েছে।
কিন্তু সোমবার রাতে ওই ট্রেনটি স্টেশনে থামার ছবি থেকে শুরু করে সিঁড়ি দিয়ে যাত্রীরা বেরিয়ে যাওয়ার গোটা দৃশ্যটা খুঁটিয়ে দেখেও কোনোধরনের গণ্ডগোল বা অশান্তি অথবা মারধরের ছবি দেখা যায় নি।
https://www.facebook.com/AnandabazarSocial/videos/1831514286916868/UzpfSTI2MjgyNjYyMzc0NzIyMjoyMDc3MzAyNDc1NjMyOTUy/