মন্দাভাবেও দাম বেড়েছে সুতার



নারায়ণগঞ্জের টানবাজারে সুতার মোকামগুলোয় ক্রেতা আগের তুলনায় কমেছে। ক্রেতা সংকটে বেচাকেনায় মন্দাভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর পরও দাম কমেনি সুতার।
স্থানীয় মোকামগুলোয় ১০ ও ২০ কাউন্টের পাশাপাশি ৩০ কাউন্টের উপরের বেশির ভাগ সুতা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাংলা নববর্ষের আগে তাঁতপল্লীগুলোয় বাড়তি চাহিদার জের ধরে টানবাজারে সুতার দামে তেজিভাব দেখা দিয়েছিল। সেই দামেই এখনো বিক্রি হচ্ছে বেশির ভাগ সুতা।
গতকাল টানবাজারে সুতার মোকামগুলো ঘুরে ১০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা মানভেদে ৫৮-৬৪ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগেও একই সুতা বিক্রি হয়েছিল পাউন্ডপ্রতি ৪৭-৫৮ টাকায়। সে হিসাবে, এক মাসের ব্যবধানে ১০ কাউন্টের সুতার দাম বেড়েছে পাউন্ডপ্রতি সর্বোচ্চ ১১ টাকা। একইভাবে স্থানীয় বাজারে ২০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা বিক্রি হচ্ছে ৮০-৮৮ টাকায়। এপ্রিলের মাঝামাঝি সময়ে এ সুতার দাম ছিল পাউন্ডপ্রতি ৭০-৭৫ টাকা। অর্থাৎ মাস শেষে প্রতি পাউন্ড ২০ কাউন্টের সুতার দাম বেড়েছে সর্বোচ্চ ১৩ টাকা। বর্তমানে প্রতি পাউন্ড ২০ কাউন্টের বাইন সুতা বিক্রি হচ্ছে ৬৫-৭৮ টাকায়। এক মাসের ব্যবধানে এ সুতার দাম পাউন্ডে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।
একই চিত্র দেখা গেছে ৩০ ও ৪০ কাউন্টের সুতার দামেও। বর্তমানে টানবাজারে ৩০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। এক মাস আগেও পণ্যটির দাম ছিল ১০৮-১১২ টাকা। অর্থাৎ এক মাসে ৩০ কাউন্টের সুতার দাম পাউন্ডে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে। অন্যদিকে ৪০ কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫-১৪০ টাকায়। এক মাস আগেও এ সুতা বিক্রি হয়েছিল ১৩০-১৩৫ টাকায়। গতকাল টানবাজারে ৫০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা বিক্রি হয় ১৪৫-১৫০ টাকায়। এক মাস আগেও যা ছিল ১৪০-১৪৫ টাকা। সে হিসাবে, এক মাসের ব্যবধানে টানবাজারে ৫০ কাউন্টের প্রতি পাউন্ড সুতার দাম সর্বোচ্চ ৫ টাকা বেড়েছে। এদিন ৮০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা বিক্রি হয় ২৪৫-২৫০ টাকায়। এক মাসের ব্যবধানে দাম পাউন্ডপ্রতি ৫ টাকা বেড়েছে।
এদিকে টানবাজারে গতকাল ৬০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা বিক্রি হয় ১৯০-২০০ টাকায়। দেড়-দুই মাস ধরে এ সুতা একই দামে বিক্রি হচ্ছে। একইভাবে স্থানীয় বাজারে ২৪ কাউন্ট, ২৬ কাউন্ট, ২৮ কাউন্ট ও রফতানিযোগ্য ৩০ কাউন্টের সুতার দাম স্থিতিশীল রয়েছে।
স্থানীয় সুতা ব্যবসায়ী উত্তম সাহা জানান, প্রতি বছর বাংলা নববর্ষ ঘিরে সুতার বাজার জমে ওঠে। এ সময় টানবাজারে বেচাকেনা বৃদ্ধির পাশাপাশি সুতার দামও বাড়ে। এবারো নববর্ষের আগে বাড়তি চাহিদার কারণে সুতার দাম বেড়েছিল। নতুন বছরের শুরু থেকে আগাম ঝড়-বৃষ্টির কারণে টানবাজারে বেচাকেনায় মন্দাভাব দেখা দিয়েছে। তবে সে তুলনায় সুতার দাম কমেনি। এজন্য আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে চাহিদা বেড়ে যাওয়াকে চিহ্নিত করেছেন তিনি।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির প্রধান উপকরণ তুলার বাড়তি মূল্য পণ্যটির দাম বাড়াতে ভূমিকা রাখছে।