আন্তর্জাতিক ক্রীড়াবিদ ক্যাটারিনা সেকুয়েরা মারাত্মক ধরনের এজমায় আক্রান্ত হবার পর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়েছিল। এর মধ্যেই তিনি জন্ম দিয়েছেন এক পুত্র সন্তান।
ছেলের নাম রাখা হয়েছে সালভাদর। ৩২ সপ্তাহ মাতৃগর্ভে থাকার পর সালভাদরের জন্ম হয়েছে। তাকে শিশু হাসপাতালে পরিচর্যায় রাখা হয়েছিল। পর্তুগালে মস্তিষ্ক মৃত ঘোষণা করার পর সন্তান জন্মদানের এটি দ্বিতীয় ঘটনা।
ক্রীড়াবিদ হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন সেকুয়েরা। তিনি শিশু বয়স থেকে এজমায় ভুগছিলেন। শেষ পর্যন্ত এই এজমায় গুরতর আক্রান্ত হয়ে কোমায় চলে যান, তখন তিনি ১৯ সপ্তাহের গর্ভবতী। অবস্থার অবনতি হলে ২৬শে ডিসেম্বর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়। পরে ভেন্টিলেটরে তাকে সংযুক্ত করা হয় যাতে করে গর্ভের সন্তান বাঁচতে পারে। চিকিৎসকদের উদ্দেশ্য ছিল অন্তত ৩২ সপ্তাহ পর্যন্ত যেন অপেক্ষা করা যায়। কিন্তু অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তাকে সিজার করা হয়।
হাসপাতালের এথিকস কমিটি বলেছে, পরিবারের লোকদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন মাতৃগর্ভে শিশুটিকে বাঁচিয়ে রাখার। শিশুটির পিতাও চেয়েছিলেন যাতে শিশুটি বেঁচে থাকে।
২৬ বছর বয়সী এই ক্রীড়াবিদ সেকুয়েরার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেকুয়েরার মা বলছেন তিনি তার কন্যাকে বিদায় দিয়েছেন। সেকুয়েরার পুত্র সালভাদরকে অন্তত তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।

