মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ‘অ্যাস্ট্রোবি’ নামের তিনটি রোবট মৌমাছি পাঠাচ্ছে।
সম্প্রতি সংস্থাটির ব্লগে জানানো হয়, ‘নভোচারীদের গবেষণায় সহায়তা করার পাশাপাশি, রক্ষণাবেক্ষণ এবং মজুদ পর্যবেক্ষণের কাজ করবে ‘অ্যাস্ট্রোবি’ নামের এ রোবট।’
এছাড়া প্রযুক্তি সাইট সিনেটের এক প্রতিবেদনে প্রকাশিত হয়, ‘ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে তৈরি করা হয়েছে অ্যাস্ট্রোবি।’

‘অ্যাস্ট্রোবি’ চলাচলের জন্য পাখা ব্যবহার করবে এবং যে কোনো অক্ষ বরাবর ঘুরতে পারবে। কাজ করার জন্য অ্যাস্ট্রোবির রয়েছে একটি রোবোটিক বাহু। নেভিগেশনের জন্য ক্যামেরা এবং অন্যান্য সেন্সর ব্যবহার করা হয়েছে এতে।
এমনকি এই ব্যাটারিচালিত রোবটগুলোর চার্জ ফুরালে তা স্বয়ংক্রিয়ভাবে একটি পাওয়ার স্টেশন থেকে চার্জ নিতে পারবে।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে জানানো হয়, ‘গবেষকদের পরীক্ষায় সহায়তা, প্রযুক্তি পরীক্ষা এবং মহাকাশে মানুষের সঙ্গে রোবটের যোগাযোগ পরীক্ষায়ও কাজে লাগবে অ্যাস্ট্রোবি।’
আরও জানানো হয়, ‘এই ফলাফলের উপর ভিত্তি করে মানুষ চাঁদ ও অন্যান্য গ্রহে অনুসন্ধান কাজ চালাতে পারবে আরো ভালোভাবে।’
এই মাসেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তিনটির মধ্যে দুটি অ্যাস্ট্রোবি মহাকাশ কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে।

