মাদারীপুরে ওরশের বাস খাদে পড়ে নিহত ৭


paperslife

ওরশ ফেরত যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার পথে একটি বাস মাদারীপুরে খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৫০ জন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকার এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় ওরস মাহফিল শেষে লোকজন বাসে করে মাদারীপুর সদরের ভাঙা ব্রিজ এলাকায় ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কলাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন। আহত অন্তত ৫০ জন।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।