গত রাতে হঠাৎ করেই খবর রটে, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী রাইসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে এই খবর।
এমন কী মারুফের বাবা নির্মাতা কাজী হায়াতও গণমাধ্যমকে ছেলে ও ছেলের বউয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। তবে রোববার (২৯ মার্চ) সকালে এ খবর উড়িয়ে দিয়েছেন মারুফের বাবা, নির্মাতা কাজী হায়াৎ।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আসলে ভুল শুনেছিলাম। আমার ছেলে সম্পূর্ণ সুস্থ আছে এবং ছেলের বউ জ্বরের কারণে আইসোলেশনে আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।
মারুফ বলেন, আমি ভালো আছি। আর আমার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। গতকাল সন্ধ্যায় জ্বর শুরু হওয়ায় রাইসা ভীত হয়ে পড়ে। আমার শাশুড়িকে খবরটি জানায়। হয়তো আমার শাশুড়ির কাছ থেকে বাবা খবরটা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন।
মারুফ আরও জানিয়েছেন, আমার স্ত্রী জ্বরে আক্রান্ত। তবে তা এখন পর্যন্ত কোভিড ১৯ বা করোনাভাইরাস নয়। আর আমিও শতভাগ সুস্থ আছি। তবে জ্বরের কারণে সবার নিরাপত্তার কথা ভেবে আইসোলেশনে আছেন রাইসা।
উল্লেখ্য, ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন। কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ।
এরপর বাবা কাজী হায়াৎ এর মাধ্যমে খুব অল্প সময়েই ঢাকাই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেতা। অ্যাকশনধর্মী সিনেমার জন্য তিনি পরিচিতি লাভ করেন।

