করোনা পরিস্থিতিতে আজ রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় মার্কিন নাগরিকদের নিয়ে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট ঢাকা ছাড়বে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে ফ্লাইটটি।
জানা গেছে, ফ্লাইটের আনুষ্ঠানিকতার জন্য বিমানবন্দরে আসা শুরু করেছেন মার্কিন নাগরিকরা। আনুষ্ঠানিকতা শেষে হলে সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ছেড়ে যাবে। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।
মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে। মার্কিন দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে ওই চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে। ফেরত যাওয়া যাত্রীদের খরচ বহন করতে হবে।
কত টাকা খরচ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না জানিয়ে বার্তায় বলা হয়, বিমানে ওঠার আগে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে একটি প্রমিসরি নোটে সই করতে হবে। পরে এই অর্থ ফেরত দিতে হবে। পরে আবার এই অর্থ ফেরত না দিলে নতুন পাসপোর্ট পাবেন না তারা।
পেপার’স লাইফ/নিউজ/দেশের খবর

