ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মালদ্বীপের জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ইইউ মুখপাত্র মাজা কোকিজানকিক বলেন, “জরুরি অবস্থা ঘোষণার কারণে মালদ্বীপের গণতন্ত্র ও মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে এবং দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। অবিলম্বে এ জরুরি অবস্থা তুলে নেওয়া হবে বলে আশা করেছে ইউরোপীয় ইউনিয়ন।”
‘মালদ্বীপ সরকার সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবে’ ইউরোপীয় ইউনিয়ন এমন আশা করছে জানিয়ে বলেন, “মালদ্বীপের পার্লামেন্টের কার্যক্রম দ্রুত শুরু হবে এবং স্বাভাবিকভাবে চলবে বলেও আশা করছি।”
সাবেক প্রেসিডেন্ট গাইয়ুমকে গ্রেপ্তারও মালদ্বীপের সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের ওপর বড় ধরনের আঘাত বলে মনে করেন তিনি। কোকিজানকিক বলেন, “দেশটির সব পক্ষ, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে।”
প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের দুই বিচারককে গ্রেপ্তার বিচারবিভাগের স্বাধীনতার সুস্পষ্ট মর্যাদাহানি বলেও মন্তব্য করেন তিনি।
আদালত-সরকার দ্বন্দ্বের জেরে গত সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দেশজুড়ে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন। তার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ দুই বিচারক এবং সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল্লাহ গাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ এবং বিরোধী দলের ১২ এমপি’কে সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করে কারাদণ্ড দেওয়াকে ‘অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বর্ণনা করে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।
আদালতের ওই রায়ের পর নাশিদের দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বাধীন বিরোধী জোট মালদ্বীপের ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। প্রেসিডেন্ট ইয়ামিন সুপ্রিম কোর্টের আদেশ মানবেন না বলে জানিয়ে দিয়ে প্রথমে অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করে দেন এবং তারপর জরুরি অবস্থা জারি করেন।
দুই বিচারককে গ্রেপ্তারের পর বিরোধী এমপি’দের মুক্তির আদেশ প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট।
