বিপিএলের প্রথম দুই আসরে খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস এর হয়ে। হয়েছেন চ্যাম্পিয়ন। পরের আসরে আসরে কুমিল্লা ভিক্টরিয়ান্সকেও সেই শিরোপার স্বাদ দিয়েছিলেন। তবে গত আসরটি যেন মন মত হয়নি বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার জন্য। আর তাই এবার দল পরিবর্তন হচ্ছে। রংপুর রাইডার্সই তার নতুন ঠিকানা।
গত বছর ভিক্টরিয়ান্সের বাজে পারফরম্যান্স, দল নিয়ে কমিটির সাথে দ্বন্দ – সব মিলিয়ে কুমিল্লা আর রাখতে চায় নি মাশরাফিকে। সেই ফলশ্রুতিতে নতুন দলে নাম লিখিয়েছেন তিনি। রাইডার্সদের সাথে তার সমস্ত চুক্তি শেষ বলেও জানিয়েছেন দলটির কর্তৃপক্ষ।
গত আসরের পর এবার রংপুর রাইডার্সের মালিকানায় আসে পরিবর্তন। দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রূপ কিনে নেয় মালিকানা। দলকে নতুন করে সাজাতে আটঘাট বেঁধেই নেমেছে তারা। সেরাদের দলে ভিড়াচ্ছে নতুন আসরে ভাল করার চেষ্টায়।
এদিকে নতুন নাম নিয়ে সিলেট ফ্রাঞ্চাইজি নিশ্চিত করেছে আইকন হিসেবে সাব্বির রহমান রুম্মন থাকবে তাদের দলে। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটের মালিকানা কিনে নেওয়ার পর দলের নতুন নাম রাখেন সুরমা সিক্সেস।
প্রথম দুই আসরে সিলেট খেলে সিলেট রয়্যালস নামে, তৃতীয় আসরে সিলেট সুপারষ্টার্স নাম থাকলেও চতুর্থ আসরে তারা অংশগ্রহণ করে নি।এবার নতুন নামে বিপিএল মাতাবে তারা।
বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী এবারের আসরে স্বাধীনতা দেওয়া হচ্ছে আইকন খেলোয়াড়গুলোকে। তাই নিজেদের পছন্দ মত আলোচনার ভিত্তিতে দল বাছাই করতে পারছে তারা।
নিশ্চিতকৃত দল ও তাদের আইকন :
১. ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান
২. খুলনা টাইটান্স : মাহমুদুল্লাহ রিয়াদ
৩. কুমিল্লা ভিক্টরিয়ান্স : তামিম ইকবাল
৪. রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা
৫. সুরমা সিক্সেস : সাব্বির রহমান রুম্মন
উল্লেখ্য, বাকি তিন দল রাজশাহী কিংস, বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস নিয়ে এখনো কিছু জানা যায় নি।
