মাশরাফি-সাকিবের সাথে নাসির-সাইফুদ্দিন




ছুটি নিয়েছিলেন, তাই টেস্ট দলে ছিলেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ৯ তারিখ দেশ ছাড়বেন তিনি। তাঁর সাথে উড়াল দেওয়ার কথা ওডিআই ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার। তাদের সাথে আরো যোগ দেবেন আবারো দলে ফেরা নাসির হোসেন ও প্রথমবার ওডিআই দলে ডাক পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিন।
টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার প্লেনে উঠবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও শুভাশিস রায়। অন্য সবাই ওয়ানডে খেলার জন্য থেকে যাবেন। তাঁদের সাথে যোগ দেবেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাসির হোসেন ও সাইফ উদ্দিন।
বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে দলে ছিলেন না নাসির। আর সাইফুদ্দিন এবারই প্রথম ওয়ানডে দলে জায়গা পেলেন। তবে টি-টোয়েন্টিতে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় সাইফুদ্দিনের।
ইনজুরি শঙ্কায় দ্বিতীয় টেস্টের মত প্রথম ওয়ানডেতেও অনিশ্চিত তামিম। তারপরও দলে আছেন তিনি। আলোচনা-সমালোচনার পরও ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে দেওয়া হচ্ছে সুযোগ। লিটন দাসও আছেন সে দলে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৫ অক্টোবর। এরপর ১৮ ও ২২ তারিখে হবে সিরিজের শেষ দুটি ওয়ানডে। কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে হবে এই ম্যাচ তিনটি। এর আগে, আগামীকাল থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। সিরিজ শেষ হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।
বাংলাদেশ দল :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাইফুদ্দিন।