ছয় মাসে সারা দেশে ২২৯টি ধর্ষণ




শাহবাজ হোসেন প্রান্ত
রাজধানীর একটি নিম্নবিত্ত পরিবারের চার বছরের শিশু তানহা। হাসিখুশি এ শিশুটির হাসি চিরতরে থেমে গিয়েছে। নারীত্ব কি বুঝে ওঠার আগেই এক নরপশুর বিকৃত লালসার শিকার হতে হয়েছে তাকে। খাবারের লোভ দেখিয়ে ঘরের ভেতর টেনে নিয়ে নির্মমভাবে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। এরপর শিশুটির মরদেহ ওই বাড়ির কমন বাথরুমে ফেলে রেখে পালিয়ে গেছে ঘাতক শিপন।

শুধু তানহাই নয় ক্রমেই নারীর প্রতি সহিংসতা বেড়ে চলছে। ধর্ষণ নামক বিকৃত লালসার শিকার হচ্ছে কোমলমতি শিশুরাও। ধর্ষণের পর হত্যাকাণ্ড ও লাশ গুম করার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।
চলতি বছরের জানুয়ারী থেকে জুলাই মোট ছয় মাসে সারা দেশে মোট ২২৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে।এর মধ্যে মারা গেছে ৮ জন। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরো ২২ শিশুকে। ধর্ষণের শিকার হওয়া শিশুদের ভেতর ২২৩ জন মেয়েশিশু।
‘মানুষের জন্য ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা ৬টি পত্রিকার আধেয় বিশ্লেষন করে এই তথ্য–উপাত্ত পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শিশু নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ায় ‘মানুষের জন্য ফাউন্ডেশন (এমযেএফ)’ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
তাদের প্রাপ্ত তথ্য বলছে, ধর্ষণ ছাড়াও মোট ১৫৮টি শিশু নানান ভাবে নির্যাতনের শিকার হয়েছে, এর মধ্যে নিহত হয়েছে ৩ জন। নির্যাতিত শিশুদের ৩২ জন মেয়েশিশু। ছেলে শিশুর সংখ্যা ৬৯ জন।প্রকাশিত খবরে বাকি ৫৭ জনের নাম ও লিংগ উল্লেখ করা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়েছে, সবচেয়ে আশংকার বিষয় হচ্ছে শিশু নির্যাতন ও শিশু ধর্ষনের ঘটনায় মামলার অগ্রগতি কম।খুব অল্প কিছু ক্ষেত্রে অভিযুক্ত অপরাধী বিচারের আওতায় এলেও অধিকাংশ থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।