এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার পূর্ণ করেছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
রোববার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। ম্যাচে ৩২ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন সাইলেন্ট কিলার।
এদিন খেলতে নামার আগে ১৮৫ ম্যাচে ১৬০ ইনিংসে মাহমুদউল্লাহর রান ছিল ৩৯৯৪। মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল মাত্র ৬ রান। বাংলাদেশ ব্যাটিং ইনিংসে ৩৪তম ওভারে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে যান তিনি। আর ৩৯তম ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুয়ের অফস্পিনার ওয়েসলি মাধভেরেকে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে ৪ হাজারি ক্লাবে ঢুকে যান এ ব্যাটার।
তার আগে বাংলাদেশের হয়ে ৪ হাজার রানের ক্লাবে ঢুকেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এখন পর্যন্ত তামিম ৬৯১৬, সাকিব ৬৩২৩ এবং মুশফিক ৬১১৯ রান করেছেন।

