মিরাজের সিপিএল স্বপ্ন




ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে শাহরুখ খানের দল ত্রিনিবাগো নাইট রাইডার্স কিনে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ৪ আগস্ট শুরু হওয়া সিপিএলের এবারের আসরে উদ্বোধনী ম্যাচেই মিরাজের দল মাঠে নামবে সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে।
ইতিমধ্যে অনাতিপত্র পাওয়ার আনুষ্ঠানিক পর্ব শেষ করেছেন এই খেলোয়াড়। এবার অপেক্ষা শুধু ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়ে যাওয়া, নিজেকে প্রমান করে মেলে ধরা।
২৭ জুলাই ক্যারিবীয় দেশটির উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। স্বভাবতঃই এমন সুযোগে উচ্ছসিত তরুণ মিরাজ।
তিনি বলেন, ‘সুযোগটি পেয়ে আমি দারুণ খুশি। অনেক ভালো ভালো ক্রিকেটারের সঙ্গে খেলতে পারব এই টুর্নামেন্টে। আমার খেলায় উন্নতি হবে অনেক।’
অবশ্য পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না তার। সামনে অস্ট্রেলিয়া সিরিজের জন্য আগেভাগেই দেশে ফিরে আসতে হবে। বিসিবি ছাড়পত্র দিয়েছে ১৫ই আগস্ট পর্যন্ত। এর মধ্যে ত্রিনিবাগো নাইট রাইডার্স খেলবে পাঁচটি ম্যাচ। একাদশে সুযোগ মিললে নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডারের।
একই আসরে সাকিব আল হাসান খেলবরন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। এটি তাঁর তৃতীয় সিপিএল। তিনি ওয়েস্টইন্ডিজের উদ্দেশ্যে উড়ে যাবেন ২৯ জুলাই। সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে সিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছেন মিরাজ।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের আবির্ভাব চোখে পড়ার মত। অভিষেক টেস্ট সিরিজে গতবছর ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়া নায়ক তিনি। দুই ম্যাচের ওই সিরিজে নিয়েছেন ১৯ উইকেট, হয়েছেন ম্যান অব দ্যা সিরিজ। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ ইংল্যান্ডের সাথে সিরিজ ড্র করে ১-১ এ।