আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ২৩ ডিসেম্বর শেষ হওয়া সাপ্তাহিক লেনদেনে ভুট্টা ও গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে এ সময় সিবিওটিতে সয়াবিনের দামে নিম্নমুখী প্রবণতা বজায় ছিল।
মূলত লাতিন আমেরিকার উৎপাদনকারী দেশগুলোয় বিদ্যমান বৈরী আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসার জেরে এসব দেশ থেকে পণ্যটির সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় সিবিওটিতে সয়াবিনের দাম কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
সর্বশেষ সপ্তাহে প্রতি বুশেল (৬০ পাউন্ড) ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। এ সপ্তাহে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৫২ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৫ সেন্ট বেশি। সিবিওটিতে একইভাবে ঊর্ধ্বমুখী ছিল গমের বাজার।
সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে প্রতি বুশেল গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। এ সময় মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় ৪ ডলার ২৪ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৬ দশমিক ৫ সেন্ট বেশি। তবে ভিন্ন চিত্র দেখা গেছে সয়াবিনের বাজারে।
এ সময় খাদ্যপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৮৪ শতাংশ কমেছে। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৪৯ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১৭ দশমিক ৭৫ সেন্ট কম।
যুক্তরাষ্ট্রভিত্তিক এজিরিসোর্স কোম্পানির এক নোটে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা ও গমের রফতানিতে তেজিভাব বজায় থাকার খবরে এ সময় সিবিওটিতে খাদ্যপণ্য দুটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।
