মিস ওয়ার্ল্ড বাংলাদেশ: ২য় রানার্স আপ চমকও বিবাহিত!




মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল মুকুট খোয়ানোর পর অভিযোগ উঠেছে নবঘোষিত দ্বিতীয় রানার্স আপ রুকাইয়া জাহান চমকও ছিলেন বিবাহিত! এদিকে সেরা দশের মধ্যে আরো ৪-৫ জনের বিয়ের খবর পাওয়া গিয়েছে বলেও জানা গেছে।
চমকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে বিবাহিত নামে দেয়া আছে, যেখানে তার স্বামীর নাম দেওয়া ছিল খান এইচ কবির। তাদের বিয়ের স্ট্যাটাসটি পোস্ট করা হয়েছিল ফেব্রুয়ারির ১৫ তারিখে। বুধবার অনেকেই তাদের এই স্ট্যাটাসটি দেখলেও বৃহস্পতিবার সকাল থেকেই দুজনের ফেসবুক প্রোফাইলে আর কিছুই পাওয়া যায়নি।
২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করা হয়। তবে নিজের বৈবাহিক অবস্থান লুকিয়ে রেজিস্ট্রেশন করায় সমালোচনার মুখে পড়েন তিনি। তবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
মঙ্গলবার (২ অক্টোবর) ফিরতি মেইলে ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু তিনি নিজের বৈবাহিক অবস্থান গোপন রেখে অসততার পরিচয় দিয়েছেন। সেকারণে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে।
এরপর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামকে মুকুট পরানো হয়। এবং যথাক্রমে ১ম রানার্স আপ ফাতেমা তুজ জোহরা, ২য় রানার্স আপ রুকাইয়া জাহান চমক ও সঞ্চিতা রানী দত্তকে করা হয়। তবে এভ্রিলের বিতর্ক যেতে না যেতেই চমকের বিয়ের খবর পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।