ভারতকে তিনি এনে দিয়েছেন বিশ্বসুন্দরীর মুকুট। ২০১৭’র মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার এই প্রতিযোগিতা জিতে খেতাব ছাড়াও জিতেছেন আরও অনেক পুরস্কার।
মিস ওয়ার্ল্ড হওয়ার সুবাদে পরবর্তী এক বছর বিনা খরচে বিশ্ব ভ্রমণের সুযোগ পাবেন মানুষী। এছাড়াও পাবেন বড় বড় ব্র্যান্ডের ডিজাইনার অলঙ্কার। সেইসঙ্গে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনারদের সেরা সব পোশাক তো রয়েছেই। আরও পাবেন পরবর্তী এক বছরের প্রসাধনী।
এই একবছরে মিস ওয়ার্ল্ড হিসেবে মানুসিকে অংশ নিতে হবে নানা ধরণের সমাজকল্যাণ মূলক কাজেও। সেসবের সাম্মানিক অর্থও পাবেন তিনি। তবে মূল অর্থ পুরস্কারটি ২০ হাজার ডলারের। যদিও এই অঙ্ক নিয়ে রয়েছে বিতর্ক।
২১ বছর বয়সী মানুষী হরিয়ানার মেয়ে। পড়ছেন এ রাজ্যেরই ভগত ফুল সিং সরকারি নারী মেডিকেল কলেজে।
শেষ পাঁচ প্রতিযোগীর একজন হিসেবে চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে মানুষীকে জিজ্ঞেস করা হয়, তিনি কোন পেশাকে সর্বোচ্চ বেতনের দাবিদার মনে করেন এবং কেন? উত্তরে এই চটপটে ও বুদ্ধিমতী তরুণী বলেন, ‘কোনো ব্যক্তির বেতন প্রশ্নের বিষয় হতে পারে না। আর পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধাভাজন মায়েরাই অমূল্য।’
মাকে নিয়ে বেশ আবেগঘন কথাও বলেন ভারতের এ সুন্দরী। বলেন, ‘মা হলেন সবচেয়ে বড় শ্রদ্ধাভাজন। আমি মনে করি না নগদই সবকিছু, বরং শ্রদ্ধা ও ভালোবাসা, যেটা তিনি দিয়ে থাকেন তার সন্তানকে। মা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। মায়েদেরই সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো উচিত।’
উল্লেখ্য, মানুষী এই খেতাব জেতা ষষ্ঠ ভারতীয়। এশিয়ার মধ্যে ভারতই প্রথম মিস ওয়ার্ল্ডের খেতাব ছিনিয়ে নিয়েছিল। সেটা ১৯৬৬ সাল। সে বার ডাক্তারির ছাত্রী রীতা ফারিয়া ভারত তো বটেই, এশিয়ার ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। রীতার পর দীর্ঘ কয়েক দশক ভারত থেকে কেউ ওই খেতাব জেতেননি। শেষে খরা কাটে ১৯৯৪তে। সে বার বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন ঐশ্বর্যা রাই। তার পর ১৯৯৭তে ডায়না হেডেন, ’৯৯তে যুক্তামুখী এবং ২০০০ সালে প্রিয়ঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ডের শিরোপা পেয়েছেন। তার পর আবারও দেড় দশকের অপেক্ষা। অবশেষে মানুষীর হাত ধরেই সেরা সুন্দরীর শিরোপা পেল ভারত।
