অগাস্টের শেষ দিকে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরু হওয়ার পর সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এসেছে। সেনাবাহিনী কীভাবে নির্বিচারে মানুষ মারছে, ধর্ষণ, লুটপাট করছে, সেই বিবরণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কথায়।
ওই অভিযানকে জাতিসংঘ বর্ণনা করে আসছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে। আর বিবিসি লিখেছে, তাদের প্রতিবেদক রাখাইন সফরে নিজে চোখে যা দেখেছেন, তার সঙ্গে বর্মি সেনাদের তদন্ত প্রতিবেদন সাংঘর্ষিক। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেনাবাহিনীর ওই প্রতিবেদনকে বর্ণনা করেছে অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে।
মিয়ানমার সরকার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে রাখাইনের ওই অঞ্চলে যাওয়ার অনুমতি দেয়নি। সেখানে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করারও সুযোগ দেওয়া হচ্ছে না।
এবারের সঙ্কট শুরুর পর আন্তর্জাতিক সমালোচনার মধ্যে গত ৫ সেপ্টেম্বর একদল বিদেশি সংবাদিককে সরকারি ব্যবস্থাপনায় রাখাইনে যাওয়ার সুযোগ দিয়েছিল দেশটির সরকার। সাংবদিকদের ওই দলে ছিলেন বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়া প্রতিবেদক জোনাথন হেড।
নিয়ন্ত্রিত ওই সফরেও বেশ কয়েকটি রোহিঙ্গা গ্রাম পুড়তে দেখার কথা পরে এক প্রতিবেদনে জানান বিবিসির ওই সংবাদিক।
তিনি সেখানে লিখেছেন, মিয়ানমারের পুলিশের উপস্থিতিতে স্থানীয় বৌদ্ধদের তিনি রোহিঙ্গা গ্রামে আগুন দিতে দেখেছেন। সর্বস্ব হারিয়ে গায়ে গুলির ক্ষত নিয়ে বাংলাদেশে পৌঁছানো রাহিঙ্গারাও গ্রামে গ্রামে হামলা, হত্যা, অগ্নিসংযোগের সময় সেনাবাহিনীর সঙ্গে রাখাইনের বৌদ্ধদের দেখার কথা বলেছেন।
কিন্তু সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনের বিষয়ে ফেইসবুকে তারা যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে, কয়েক হাজার গ্রামবাসীর সাক্ষাৎকার নিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সেনা সদস্যদের জড়িত থাকার কোনো প্রমাণ তারা পায়নি।
আরও পড়ুন;
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার