মিয়ানমার, লাওসের নাগরিকদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র



এ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমার ও লাওসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ ভিসাও দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র  দেশ দু’টির অবৈধ অভিবাসীদেরকে বরাবরই ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে আসলেও মিয়ানমার ও লাওস তাদেরকে নিতে গড়িমসি করছে। নিজ নাগরিকদের ফেরত না নেওয়া পর্যন্ত দুই দেশের ওপর এ ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকবে।
‘দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পর’ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।
মিয়ানমারের এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। ওদিকে, লাওসে জননিরাপত্তা মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি কর্মকর্তারা এ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।