যৌন হয়রানির প্রতিবাদে সমগ্র বিশ্বের নারীদের অনলাইন ভিত্তিক একটি প্রতিবাদের প্রকাশ ছিল ‘মি টু’। যার বদৌলতে নড়ে গিয়েছে হলিউডের অনেক প্রভাবশালীর সম্রাজ্য। এবার এই #’মি টুর হাওয়া লাগল অ্যানিমেটেড সিনেমা মুলানের লাইভ অ্যাকশন রিমেকে।
#’মি টু’র কারনে মুলান থেকে বাদ পড়েছে লি শ্যাংয়ের চরিত্রটি। অ্যানিমেটেড সিনেমা মুলানে লি শ্যাংকে মুলানের সহযোদ্ধা ও পরবর্তীতে প্রেমিক হিসেবে দেখানো হয়েছে। তবে লাইভ অ্যাকশন রিমেকে নেই এ চরিত্রটি।
এ বিষয়ে প্রযোজক জেসন রিড বলেন, #’মি টু’র প্রেক্ষাপটে এই চরিত্রটি যথাযথ নয় বলে সিনেমা থেকে চরিত্রটি বাদ দেয়া হয়েছে। লাইভ অ্যাকশন রিমেকে এই চরিত্রটিকে ভেঙ্গে দুটি চরিত্র দেখানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ মার্চ অ্যানিমেটেড সিনেমা মুলানের লাইভ অ্যাকশন রিমেক মুক্তি পাবে। চলচ্চিত্রের গল্পটি মূলত নির্ভীক তরুণীর রোমাঞ্চকর মহাকাব্য নিয়ে নির্মিত। যে কিনা পুরুষের ছদ্মবেশ নিয়ে যুদ্ধে নেমেছিলেন। এটি ডিজনির মূল চলচ্চিত্রটির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। তবে এর মূল গল্প নেয়া হয়েছে কবিতা ‘দ্য ব্যালাড অব মুলান’ থেকে।
আসন্ন লাইভ অ্যাকশন চলচ্চিত্রটির পরিচালনায় আছেন নিকি কারো। হুয়া মুলানের চরিত্রে রূপ দিচ্ছেন লিউ ইফিই।

