রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণি এখন সবার কাছে পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সব ধরনের খোঁজ-খবর নিচ্ছেন।
২০ সদস্যের বেশি চিকিৎসকদের একটি দল জটিল এই অস্ত্রোপচারে যুক্ত থাকছেন বলে বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, ‘মুক্তামনির হাত বাঁচানো যাবে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে, সেই সাথে কীভাবে এগোনো যায়, তা দেখা হবে।’
অস্ত্রোপচার কক্ষের সামনে চিন্তিতমুখে দাঁড়িয়ে আছেন মুক্তামনির মা-বাবা।
গত শনিবার বায়োপসি সম্পন্ন করার পর সোমবার চিকিৎসকরা জানান, মূলত রক্তনালীতে টিউমার হওয়ার কারণে হাত ফুলে যায় মুক্তামনির।
সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের ১২ বছরের মেয়ে মুক্তামনির ডান হাতে দেড় বছর বয়সে একটি ছোট গোটা দেখা দেয়। পরে তা বাড়তে থাকে। বছর চারেক আগে এমন পর্যায় যায় যে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। আক্রান্ত হাতটি তার দেহের চেয়ে ভারি হয়ে উঠেছে, যন্ত্রণায় সব সময় অস্থির থাকে সে।
মুক্তামনির খবর গণমাধ্যমে আসার পর তার চিকিৎসার দায়িত্ব নেয় সরকার, তাকে আনা হয় ঢাকায়।
