প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের জন্য যে ৩০ শতাংশ কোটা আছে, তা বহাল থাকবে। তিনি আরও বলেন ‘কোটা যদি পূরণ না হয়, তাহলে শূন্য পদে সাধারণ চাকরিপ্রার্থী মেধাবীদের নিয়োগ দিতে কোটার বিষয়টি শিথিল করা হয়েছে।’
আজ বুধবার চট্টগ্রামের পটিয়ায় পটিয়া মডেল হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে শেখ হাসিনা এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, এ কথাটা ভুললে চলবে না। কাজেই তাঁদেরকে আমাদের সম্মান দিতেই হবে। তাঁদের ছেলে, মেয়ে, নাতি, পুতি পর্যন্ত যাতে চাকরি পায়, সে জন্য কোটার ব্যবস্থা করা হয়েছে।’
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘কোটা যদি পূরণ না হয়, তাহলে শূন্য পদে সাধারণ চাকরিপ্রার্থী মেধাবীদের নিয়োগ দিতে কোটার বিষয়টি শিথিল করা হয়েছে। তিনি বলেন, যদি মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন না করতেন, তাহলে কেউ আমরা কোনো চাকরি পেতাম না।’
বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৩০ শতাংশ কোটা রয়েছে। এর বাইরে পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য ১০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বচানকে সামনে রেখে অন্যান্য বিভাগীয় শহরের মতো চট্টগ্রামের এই জনসভা থেকেও নৌকা প্রতীকে ভোট চান তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা নৌকায় ভোট দেন। আমরা আপনাদের উন্নয়ন দিতে পারব।”
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার উপর জোর দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হাসিনা বলেন, “আমরা যদি নৌকায় ভোট পাই, আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা থাকবে।”
‘একমাত্র নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নতি হবে’- বলার পর নৌকা প্রতীকে ভোট দিতে এবং এলাকাবাসীকে উদ্বুদ্ধু করতে জনসভায় উপস্থিত সবার ওয়াদা নেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আমি আপনাদের কাছে ওয়াদা চাই; আপনারা একথা পৌঁছে দেবেন যে, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করবেন।”
প্রধানমন্ত্রী ‘হাত তুলে ওয়াদা’ করার আহ্বান জানালে জনসভায় উপস্থিত হাজার হাজার মানুষ দু’হাত তুলে ধরেন।
রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা এখন কারাগারে।
শেখ হাসিনা বলেন, “এতিমখানার জন্য টাকা আসে… “আপনারা চিন্তা করে দেখেন.. কোরআন শরিফে লেখা আছে, এতিমের হক কেড়ে নিও না, এতিমের সম্পদ লুট করো না, এতিমকে এতিমের ন্যায্য হক দিয়ে দাও।
“কোরআন শরিফের নির্দেশ না মেনে .. এতিমের নামে টাকা এসেছে.. একটা টাকাও এতিমখানায় যায় নাই। সব নিজেরা আত্মসাৎ করেছে।”
এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রায় সরকারের গায়ের জোরে হয়েছে বলে অভিযোগ বিএনপির।
শেখ হাসিনা বলেন, “মামলা দিয়েছে কে? আওয়ামী লীগ সরকার তো দেয়নি। দিয়েছে তো সেই তত্ত্বাবধায়ক সরকার। আজকে সেই মামলায় সে শাস্তি পেয়েছে। দুর্নীতি দমন কমিশন মামলা করেছে, কোর্ট রায় দিয়েছে। কোর্টের রায় তারা মানে না, কোর্টকে মানতে চায় না; এমনই তাদের চরিত্র। তারা আইন মানবে না, কানুন মানবে না, কিছুই মানবে না। তারা জনগণের সম্পদ কেড়ে খাবে। এতিমের টাকা মেরে খাবে। আর সেটার জন্য শান্তি দিল কেন.. তার জন্য হুমকি-ধমকি-আন্দোলন।”
