একজন সাধারণ সংগ্রামী মানুষের জীবনে বিদ্রোহী হয়ে উঠার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ভুবন মাঝি এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি ভারত থেকে ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।
ফাখরুল আরেফীন খান পরিচালিত এ সিনেমাটি ২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্রোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ।
কলকাতার মুক্তি পাওয়া প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘এটি আমার পরিচালনায় নির্মিত প্রথম পূণ্যদৈঘ্য চলচ্চিত্র । এই চলচ্চিত্রের সঙ্গে আমার অনেক আবেগ আর অনুভূতি জড়িয়ে আছে । বিশেষ করে কালিকা প্রসাদের স্মৃতি । তাকে ভাই বা বন্ধু যাই বলি না কেন তিনি অনেক পরিশ্রম করে আমার ছবিটির সঙ্গীতায়োজন করেছিলেন। তিনি বেঁচে থাকলে আরও বেশী খুশি হতাম।’ পরমব্রত ও অপর্ণা ঘোষ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিষ ভৌমিক, ওয়াকিল আহমেদ, মাজনুন মিজান, কাজী নওশাবা, সুষমা সরকার, সুমিত সেন প্রমুখ।
