মুক্তি পেয়েছে ‘গোলমাল অ্যাগেইন’




মুক্তি পেয়েছে অজয় দেবগণ ও রোহিত শেঠির গোলমাল ফ্রাঞ্জাইজির চতুর্থ সিরিজ ‘গোলমাল অ্যাগেইন’ । এবারের ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে থাকছে নানা অদ্ভুতুড়ে কাণ্ডের মধ্যে নির্ভেজাল হাসির অফুরন্ত ভান্ডার।
ভূতকে কে না ভয় পায়! এমনকি ‘গোলমাল’ সিরিজের ডাকাবুকো ‘গোপাল’রূপী অজয়ও ভূতের ভয়ে অস্থির! না, পরিচালক রোহিত শেঠি এবার দেওয়ালিতে কোনো ভূতের ছবি উপহার দিচ্ছেন না। তবে এবারের গোলমালে থাকবে কিছু ভূতুরে কাণ্ড।
এবার এই সিরিজের ছবিতে অভিনয় করেছেন টাবু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি রোহিতের এই পেনশন পরিকল্পনায় নাম লেখাতে চাই। “গোলমাল” সিরিজের ছবিগুলো আমি সব সময় উপভোগ করেছি। রোহিতকে বলেছিলাম, আমি ওর এই গোলমাল দলের একজন হতে চাই। আজ “গোলমাল অ্যাগেইন” ছবিতে কাজ করতে পেরে দারণ লাগছে। সব সময় সিনেমায় গ্লিসারিন চোখে লাগিয়ে কেঁদে এসেছি। এবার প্রাণ খুলে শুধুই হাসব।’
পরপর দুবার ‘গোলমাল’ সিরিজের ছবিতে অজয়ের নায়িকা ছিলেন কারিনা কাপুর। ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে কারিনার বদলে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
এদিকে গোলমাল ও সিক্রেট সুপারস্টার নিয়ে বক্স অফিসে মুখোমুখি বলিউড তারকা আমির খান এবং অজয় দেবগন। কারন একই দিনে মুক্তি পেয়েছে তাদের দুই ছবি। ‘সিক্রেট সুপারস্টার’ ছবি নিয়ে আমির এবং ‘গোলমাল অ্যাগেইন’ নিয়ে হাজির হয়েছেন অজয় দেবগন।
‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমির খানের সাথে অভিনয় করেছেন জাইরা ওয়াসিম। একটি রক্ষণশীল পরিবারের মেয়ের তারকা হয়ে ওঠা নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। অন্যদিকে ‘গোলমাল এগেইন’ ছবিটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, পরিণীতি চোপড়া এবং টাবু। ‘গোলমাল’ ছবির ব্যাপক সাফল্যের পর তৈরি করা হয় এর সিক্যুয়াল ‘গোলমাল অ্যাগেইন’।