মুক্ত বাণিজ্যে পিছিয়ে জাপান




বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের মোট বাণিজ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির অংশ আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির স্বাক্ষরিত ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) বাস্তবায়িত হলে জাপানের মোট বাণিজ্যে এ ধরনের চুক্তির অবদান ৩০ শতাংশের কিছুটা বেশি দাঁড়াবে। সম্প্রতি জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। এ অবস্থায় ২০১৮ সাল নাগাদ ৭০ শতাংশ সরকারি লক্ষ্যমাত্রা অর্জন অনেকটাই দুরূহ মনে হচ্ছে।
জেট্রো পরিচালিত বাণিজ্য পরিসংখ্যানের বিশ্লেষণ অনুসারে, গত বছর মোট বাণিজ্যে জাপানের এফটিএর অনুপাত ছিল ২২ দশমিক ৫ শতাংশ। চলতি বছরের জুলাইয়ে স্বাক্ষরিত ইইউ-জাপান ইপিএ এ অনুপাত ১১ দশমিক ৯ পয়েন্ট বাড়িয়ে ৩৪ দশমিক ৪ শতাংশে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যার সুবাদে মোট বাণিজ্যে তা প্রথমবারের মতো ৩০ শতাংশের সীমা অতিক্রম করবে। তা সত্ত্বেও এটি আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে নিচে অবস্থান করছে।
চীন, যুক্তরাষ্ট্র ও ইইউর সঙ্গে বিভিন্ন বাণিজ্য চুক্তি রয়েছে লাতিন আমেরিকার দেশ চিলির। এসব চুক্তির ফলে দেশটির মোট বাণিজ্যের ৯৩ দশমিক ১ শতাংশ এফটিএগুলোর অধীনে পরিচালিত হয়। মেক্সিকোর ক্ষেত্রে এ অনুপাত ৭৯ দশমিক ৯ শতাংশ। একই সঙ্গে কানাডার ক্ষেত্রে এ অনুপাত ৭০ দশমিক ৫ শতাংশ। উভয় দেশই যুক্তরাষ্ট্রের পাশাপাশি নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের (নাফটা) সদস্য। দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধেক জিডিপি রফতানি নির্ভর। এফটিএকে জাতীয় কৌশল হিসেবে প্রতিষ্ঠা করেছে দেশটি। ফলে জাপানকে পেছনে ফেলে এগিয়ে গেছে দেশটি।
সিঙ্গাপুর, মেক্সিকো ও মঙ্গোলিয়ার মতো দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জাপান, কিন্তু সেগুলোর বাণিজ্যমূল্য তুলনামূলকভাবে কম। ২০১৫ সালে স্বাক্ষরিত ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) জাপানের বাণিজ্যে এফটিএর অবদানের অনুপাত ১৭ দশমিক ৬ পয়েন্ট বাড়াবে বলে আশা করা হয়েছিল। কিন্তু টিপিপি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করায় টিপিপির অবশিষ্ট ১১ দেশের চুক্তিটি বাস্তবায়ন দেশটির বাণিজ্যে এফটিএর অবদান মাত্র ১ দশমিক ৮ পয়েন্ট বাড়াতে সক্ষম হবে।