মুগাবেকে আর ক্ষমতায় চায় না তার নিজের দল




প্রেসিডেন্ট রবার্ট মুগাবের উপরে ‘অনাস্থা’ এনে তারই ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। দেশটির হেরাল্ড নামে এক সংবাদপত্রের খবর অনুযায়ী, দেশটির দশটি আঞ্চলিক শাখা থেকেই মুগাবেকে পদত্যাগের জন্য ডাক দেয়া হয়েছে।
আজ শনিবার দেশটির রাজধানী হারারেতে একটি বিক্ষোভ সমাবেশ হবার কথা রয়েছে। সেনা সমর্থনেই এই সমাবেশ হচ্ছে বলে মনে করা হচ্ছে।
সেই বিক্ষোভের আগেই জানু-এফ পার্টির আঞ্চলিক শাখাগুলো তাকে পদত্যাগের জন্য এই ডাক দেয়া হলো। দেশটির উদারপন্থীরাও তাকে পদত্যাগের আহবান জানিয়েছে।
সেনারা জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেবার পর থেকে মি. মুগাবে গৃহবন্দী আছেন যদিও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে জানা যাচ্ছে। সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেবার পর শুক্রবার প্রথমবারের মতো তাকে জনসম্মুখে দেয়া যায়। সে সময় তিনি একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।
১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করলে এই রাজনৈতিক সংকটের সূচনা হয়।