২০২০-২০২১ সালের মার্চ মাস পর্যন্ত শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। যার গণনা শুরু হয়েছে এই বছরের ১০ই জানুয়ারী থেকে।
মুজিববর্ষ উপলক্ষে এক বিশেষ পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।উক্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, মুজিববর্ষে প্রতিদিন একঘণ্টা বেশি কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর ব্রিগেডিয়ার জেনারেল সবিহ উদ্দিন হলে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আরইবির জেনারেল ম্যানেজার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
জেনারেল ম্যানেজার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও, মুজিববর্ষকে বিদ্যুৎ বিভাগ সেবা বর্ষ হিসেবে ঘোষণা করেছে। প্রতিদিন একঘণ্টা বেশি কাজ করার সিদ্ধান্ত হয়েছে এবং দক্ষ জনসম্পদ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
নসরুল হামিদ বলেন, জুন ২০২০ এর মধ্যে গ্রিড এলাকায় এবং ডিসেম্বর ২০২০ এর মধ্যে অফগ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এসব উদ্যোগের সাথে আরইবির জেনারেল ম্যানেজারদের সম্পৃক্ত থেকে নিজেদের সর্বোচ্চ অবদান রাখতে হবে।
প্রতিমন্ত্রী এ সময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা দিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজারদেরকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

