ভারতের মুম্বাইয়ে পাঁচতলা একটি ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২১’এ দাড়িয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও অন্তত ১০ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টায় মুম্বাইয়ের পাকমোদিয়া স্ট্রিটের ভেন্ডি বাজার এলাকার মাওলানা শওকত আলী রোডে ১১৭ বছরের পুরোনো এ বাড়ীটি ধসে পড়ে।
জীর্ণ ওই ভবনটিতে নয়টি পরিবারের দুই ডজনেরও বেশি লোক বাস করতো বলে জানিয়েছেন এক কর্মকর্তা। ভবনটির নিচতলায় একটি মিষ্টির দোকানের গুদাম ছিল বলে জানা গেছে। ছয় বছর আগে ভবনটিকে ‘বিপদজনক’ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছিল।
মঙ্গলবার মুম্বাইতে গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার দুই দিন পর ভবন ধসের ঘটনাটি ঘটল। ভারি বৃষ্টিপাতে জীর্ণ ভবনটি দুর্বল হয়ে ধসে পড়তে পারে বলে সন্দেহ করছিল পুলিশ। শহরের ডংরি মহল্লার এই এলাকাটি সরু গলিময় এবং পুরনো ভবনে ঠাসা। এসব ভবনের কোনো কোনোটি শতাধিক বছর পুরনো।
এর আগেও গত মাসে মুম্বাইয়ের অপর একটি এলাকায় একটি চারতলা ভবন ধসে ১৭ জন নিহত হয়েছিল।
