মুর্শিদাবাদে বাস দুর্ঘটনায় নিহত ৩৬




ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে বিলে পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের দৌলতাবাদের কাছে সোমবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি করিমপুর থেকে মালদহ যাচ্ছিল বলে পুলিশের বরাতে জানিয়েছে আনন্দবাজার। দৌলতাবাদের বালিরঘাট সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সোনার রত্নাকর বিলের পানিতে পড়ে ডুবে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা নদী থেকে বাসটির ১০ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। এদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। তবে পাড়ে উঠানোর পরপরই এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে উদ্ধার করা হয় আরও তিন জনের লাশ। সন্ধ্যায় ক্রেন দিয়ে তুলে আনার চেষ্টা করা হয় বাসটিকে। ঝুলন্ত সেই বাস থেকেই উদ্ধার হয় আরও ৩২ জনের দেহ।
উদ্ধার পাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। ঘটনার সময় চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে সেতুর ওপর একটি লরিকে ওভারটেক করার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারান বলে জানিয়েছেন উদ্ধার পাওয়া এক যাত্রী।
দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর উদ্ধারকাজ শুরু হওয়ায় বিলের পাড়ে জড়ো হওয়া হাজার হাজার স্থানীয় বাসিন্দা উত্তেজিত হয়ে ওঠেন। তারা পুলিশ ও দমকল কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছোড়ে, বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও চালায়।
ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারপিছু ৫ লাখ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে।