মুলাদীতে স্ত্রী খাদিজা আক্তার লাবনীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী বাবু ওরফে রাশেদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে মুলাদী থানা পুলিশ উপজেলার সফিপুর ইউনিয়নের নোমরহাট লঞ্চঘাট এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে। মুলাদী সদর ইউনিয়নের পূর্ব কুতুবপুর গ্রামের বাবু ওরফে রাশেদ ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে যৌতুকের দাবিতে নিজের বাড়িতে স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন নিহতের স্বজনরা।
পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের সূত্রধরে ২০১৯ সালের মাঝামাঝি মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিচর গ্রামের জাকির হোসেন হাওলাদারের মেয়ে খাদিজা আক্তার লাবনীর সঙ্গে বাবু ওরফে রাশেদের বিয়ে হয়।

