পারেননি মুশফিক, হেরেছেন রুমানা। ক্রিকেট জনপ্রিয়তাকে পিছনে ফেলে শুটার আব্দুল্লাহ হেল বাকী জিতেছেন বর্ষসেরা পুরস্কারের খেতাব।
আজ (শনিবার) ২০১৮ সালে দেশের ক্রীড়াঙ্গনে সেরাদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। কুল বিএসপিএ এওয়ার্ডে একই ক্যাটাগরিতে জাতীয় পুরুষ ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিম ও নারী ক্রিকেট দলের সদস্য রুমানা আহমেদকে পিছনে ফেলে এই পুরস্কার জিতেছেন বাকী।
গত বছর অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছিল বাংলাদেশের এই শুটার। ইভেন্টে ০.০৩ পয়েন্টের জন্য সোনা জেতা হয়নি বাকীর। তাঁর স্কোর ছিল ২৪৪.৭। আর ২৪৫.০ স্কোর পেয়ে সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ান ডেন স্যাম্পসন। তার ফলশ্রুতিতে এই এওয়ার্ড জিতলেন তিনি।
মুশফিক না পারলেও সতীর্থ তামিম ইকবাল ঠিকই জিতেছেন পুরস্কার। মুশফিক, রুমানা ও বাকীকে পিছনে ফেলে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে জিতে নিয়েছেন তিনি।
প্রথম দুই ক্যাটাগরিতে সেরা না হতে পারলেও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। বর্ষসেরা শুটার হয়েছেন আবদুল্লাহ হেল বাকী। ফুটবল বিভাগে সেরা পুরস্কার উঠেছে জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণের হাতে। এ ছাড়া উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও টেনিসের মেহেদী হাসান আলভী। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ফুটবলের গোলাম রব্বানী ছোটন।
১৯৬৪ সাল থেকে দেশের কক্রীড়াঙ্গনে সেরাদের পুরস্কৃত করে আসছে বিএসপিএ। তার ধারাবাহিকতায় আজ বিকেলে ২০১৮ সালের সেরাদের পুরস্কৃত করা হলো। অনুষ্ঠানে ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানানো হয়।
কুল-বিএসপিএ এওয়ার্ড ২০১৮:
আবদুল্লাহ হেল বাকী (বর্ষসেরা ক্রীড়াবিদ ও বর্ষসেরা শুটার), তামিম ইকবাল (পপুলার চয়েজ অ্যাওয়ার্ড), মুশফিকুর রহিম (বর্ষসেরা ক্রিকেটার), তপু বর্মণ (বর্ষসেরা ফুটবলার), শাপলা আক্তার (বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়), সিরাত জাহান স্বপ্না ও মেহেদী হাসান আলভী (উদীয়মান ক্রীড়াবিদ), গোলাম রব্বানী ছোটন (বর্ষসেরা কোচ), ফজলুল ইসলাম ও মনসুর আলী (তৃণমূল ক্রীড়া ব্যক্তিত্ব), নাজমুল হাসান পাপন (সংগঠক), নাজমুন নাহার বিউটি (বিশেষ সম্মাননা), বসুন্ধরা গ্রুপ (বর্ষসেরা পৃষ্ঠপোষক)

